সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করেছে ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা। আজ বুধবার (২৮ জানুয়ারি) রাজ্যসভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব উত্থাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যসভায় শোক প্রস্তাব গ্রহণের পাশাপাশি খালেদা জিয়ার সম্মানে দাঁড়িয়ে শ্রদ্ধা জানানো হয়।
একই প্রস্তাবে রাজ্যসভার সাবেক দুই সদস্য এল গানেসেন ও সুরেশ কালনাদির মৃত্যুতেও শোক প্রস্তাব উত্থাপন করা হয়েছে।
এদিন অধিবেশন শুরু হওয়ার পর নথি পেশের আগেই রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণন প্রয়াতদের উদ্দেশে শোকপ্রস্তাব পাঠ করেন। এরপর তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গোটা সভা এক মিনিট নীরবতা পালন করেন অধিবেশনে উপস্থিত সদস্যবৃন্দ। রীতি মেনে রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়েই বুধবার অধিবেশনের সূচনা হয়। এ সময় নরেন্দ্র মোদি ছাড়াও মন্ত্রীসভা ও রাজ্যসভার সদস্যরা উপস্থিত ছিলেন। রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণের পর প্রধানমন্ত্রী তাকে বিদায় জানান। এরপর শুরু হয় অধিবেশনের নিয়মিত কার্যক্রম।
উল্লেখ্য, খালেদা জিয়া ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।


