‘গুপ্তদের বিরুদ্ধে সতর্ক ও সজাগ থাকতে হবে। তারা নির্বাচিত হল জনগণের ভাগ্যের দুর্বিষহ অবস্থা হবে। এসব গুপ্তরাই ফ্যাসিবাদীদের সঙ্গে ছিল।’ আজ বুধবার দুপুরে বরিশালে নির্বাচনী জনসভায় এমন মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, ‘বর্তমানে দেশে নতুন জালিমের আবির্ভাব হয়েছে। নতুন জালিম, যাদের মানুষ গুপ্ত হিসেবে চেনে তারা ভুয়া সিল, ব্যালট পেপার ছাপাচ্ছে নির্বাচনের দিন ভোটকেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য।’
তারেক রহমান আরও বলেন, ‘বাংলাদেশে নারী পুরুষ মিলে মাঠে কাজ করে। নতুন জালেম যাদের মানুষ গুপ্ত হিসেবে চিনে সেই জালেমদের নেতা নারীদের নিয়ে কলঙ্কিত শব্দ ব্যবহার করেছে। এরা ইসলামের রাজনীতি করে কিন্তু এরা নারীদের নিয়ে কীভাবে কলঙ্কিত শব্দ ব্যবহার করে।’
জুলাইয়ে শহীদের পরিবারের উদ্দেশে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘যারা গুম, খুন ও জুলাইয়ে শহীদ ও আহত হয়েছে তাদের প্রত্যাশা ছিল বাংলাদেশের মানুষের ১৬ বছর থেকে যে অধিকার ছিনিয়ে নিয়েছিল সে অধিকার ফিরে পেতে তারা গুমের শিকার, হত্যার শিকার হয়েছে।’
বরিশাল বিভাগের ছয় জেলার এলাকার ২১ টি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান। বরিশালের নদী ভাঙনের বিপরীতে বেরিবাঁধ নির্মাণ, এবং কৃষকদের জন্য হিমাগার তৈরির প্রতিশ্রুতি দেন তিনি।


