উন্নয়নের উদ্দেশ্য লোক দেখানো কিংবা বড় বড় বুলি আওড়ানো নয়, জনচাহিদা আর সময়ের বাস্তবতার মেলবন্ধন ঘটিয়ে তা ত্বরান্বিত করতে হয়। বড় বড় প্রজেক্ট যেমন দরকার, তেমনি এলাকার মানুষের প্রত্যাশানুযায়ী ছোট ছোট কর্মযজ্ঞের মাধ্যমে নাগরিক সুবিধা নিশ্চিত করতে হয়। সামনের দিনে বিএনপি দেশসেবার সুযোগ পেলে এই দুটোর সমন্বয় সাধনই হবে আমাদের প্রথম লক্ষ্য। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সকল ধর্ম-বর্ণের মানুষের সমঅধিকার নিশ্চিত করে আধুনিক বাংলাদেশ গড়তে সবাইকে ধানের শীষে ভোট দেয়ার আহবান জানিয়েছেন চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।
শুক্রবার (৬ ফেব্রুয়ারী) নগরীর উত্তর কাট্টলী সিডিএ আবাসিক, শাহের পাড়াসহ কয়েকটি এলাকায় গণসংযোগকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
আসলাম চৌধুরী বলেন, শহরের সাথে সীতাকুন্ডের সংযোগটা দীর্ঘদিনের আত্মার বন্ধনে আবদ্ধ। সামনের দিনেও একতাবদ্ধতা অটুট থাকবে। মিথ্যা প্রোপাগান্ডা যারা ছড়ায়, তাদের থেকে সাবধান থাকতে। সবাইকে বুঝিয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যূগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম, আকবরশাহ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাইনুদ্দিন মঈনু চৌধুরী, আয়ুব খান, আব্বাস রশিদ, উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপির আহবায়ক রফিক উদ্দিন চৌধুরী, সদস্য সচিব মোঃ সেলিম উদ্দিন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফরিদ উদ্দিন, সাহেদ আকবর, গিয়াস উদ্দিন টুনু, ছোটন, মেজবাহ, ফারুক, পলাশ, ইকবাল, সেলিম, তৌসিফ,সামীর প্রমূখ।
পরে আসলাম চৌধুরী বিকাল ৩টায় সীতাকুন্ডের বাড়বকুন্ড এক নির্বাচনী পথসভায় যোগ দেন। সেখানে সীতাকুন্ড উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


