সৌদি আরবে আজ মঙ্গলবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল বুধবার দেশটিতে রোজা শুরু হচ্ছে। সৌদি আরবের ‘সুপ্রিম কোর্ট’ আজ এ ঘোষণা দিয়েছে। একই দিনে রোজা শুরু হচ্ছে সংযুক্ত আরব আমিরাত ও কাতারেও।
এদিকে আজ রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় মধ্যপ্রাচ্যের দেশ ওমানের পাশাপাশি তুরস্ক, আজারবাইজান, কাজাখস্তান ও উজবেকিস্তানে বৃহস্পতিবার রোজা শুরু হবে। বৃহস্পতিবার রোজা শুরুর ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, জাপান, সিঙ্গাপুরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষও।

সাতকানিয়ার মির্জাখীল দরবারেও বুধবার রোজা
সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা দীর্ঘ ২০০ বছর ধরে সৌদি আরবের সাথে মিল রেখে রমজানের রোজা রেখে আসছেন। সে হিসেবে বুধবার (১৮ ফেব্রুয়ারি) রোজা রাখা শুরু করছেন দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, আনোয়ারাসহ বিভিন্ন স্থানে থাকা দরবারের অনুসারীরা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে দরবারের মুখপাত্র মোহাম্মদ মছউদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
দরবার সূত্র জানায়, মির্জাখীল দরবার শরিফের বর্তমান সাজ্জাদানশীন হজরত শাহ জাহাঁগীর তাজুল আরেফীনের (ক.) প্রদর্শিত পথে সাতকানিয়া উপজেলার মির্জাখীল, সোনাকানিয়া, গারাঙ্গিয়া, চরতি, মনেয়াবাদ, বাজালিয়া, কাঞ্চনা, আমিলাইশ, খাগরিয়া ও গাটিয়াডাঙ্গা, লোহাগাড়া উপজেলার কলাউজান, বড়হাতিয়া, পুঁটিবিলা, চুনতি ও চরম্বা, বাঁশখালী উপজেলার কালীপুর, জালিয়াপাড়া, ছনুয়া, মক্ষিরচর, চাম্বল, শেখেরখীল, ডোংরা, আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ, বরুমচড়া, পটিয়া উপজেলার হাইদগাঁও, বাহুলী ও ভেল্লাপাড়ার লক্ষাধিক অনুসারী বুধবার প্রথম রোজা রাখবেন।
এ ছাড়া বোয়ালখালী, চন্দনাইশ, হাটহাজারী, সন্দ্বীপ, ফটিকছড়ি, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, কক্সবাজারের টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, হাতিয়া, নোয়াখালী, চাঁদপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জসহ বাংলাদেশের বিভিন্ন জেলা ও ভারত, পাকিস্তান, মায়ারমারসহ বিশ্বের বিভিন্নস্থানে যেখানে মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা আছেন সেখানে বুধবার প্রথম রোজা রাখবেন।
মোহাম্মদ মছউদুর রহমান বলেন, আমরা হানাফি মাজহাবের অনুসারী হিসেবে সৌদি আরবের মক্কা ও মদিনা শরিফে তথা আরব বিশ্বে চন্দ্র উদয়ের খবর পেয়ে বুধবার আমাদের প্রথম রোজা শুরু করছি।


