প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতির হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কিছুক্ষণ আলোচনা করেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে এসময় নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুসহ সরকারের উচ্চপদস্থ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে, আজ বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথ বাক্য পাঠ করান। এরপর রাষ্ট্রপতির কাছ থেকে পর্যায়ক্রমে শপথ নেন নতুন মন্ত্রিসভার মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। শপথ গ্রহণ অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
উল্লেখ্য, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নবনির্বাচিত বিএনপির সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ১৮ মাস পর এই নির্বাচনের মাধ্যমে বিএনপি পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হলো।


