পবিত্র মাহে রমজান উপলক্ষে নগরীর ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির উদ্যোগে ও নগর যুবদল নেতা এমদাদুল হক বাদশার তত্ত্বাবধানে ১৫০০ অসহায়-দুঃস্থদের মাঝে ইফতার ও সেহেরীর সামগ্রী বিতরণ করা হয়।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাকলিয়া ডি.সি রোড গনি কলোনীর মাঠে অনুষ্ঠিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, রমজান আমাদের সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের কষ্ট লাঘব করাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা চেষ্টা করছি একটি মানবিক চট্টগ্রাম গড়তে। আমি নগরীর প্রতিটি সচ্ছল ব্যক্তির প্রতি আহ্বান জানাই, আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অসহায় প্রতিবেশীর পাশে দাঁড়ান। বিএনপি সব সময় শোষিত ও বঞ্চিত মানুষের পক্ষে কাজ করে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম- ৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি বলেন, রোজা হচ্ছে একে অপরকে সহযোগিতা করার মাস। এই পবিত্র রমজান মাস থেকে শিক্ষা নিয়ে আমাদের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে। মানুষের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে, মানুষকে ভালোবাসতে হবে এবং তাদের সুখে-দুঃখে পাশে থাকতে হবে।
পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির আহ্বায়ক হাজী মো. এমরান উদ্দিনের সভাপতিত্বে ও সদস্যসচিব মহিউদ্দিন মিজানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আহ্বায়ক কমিটির সদস্য মো. মহসিন, গাজী মো. সিরাজ উল্লাহ, আনোয়ার হোসেন লিপু, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নাছির মিয়া, মুহাম্মদ সেকান্দর ও মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা প্রমুখ।


