চট্টগ্রামের ফটিকছড়িতে দায়িত্ব পালনকালে মফিজ উদ্দিন নামে এক ট্রাফিক সার্জেন্ট ইন্সপেক্টরকে (টিএসআই) মারধর করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে এক ট্রাকচালকের বিরুদ্ধে।
আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বিবিরহাট বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় জনতা ও পুলিশের সহায়তায় অভিযুক্ত ডাম্প ট্রাকচালক আকবরকে আটক করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিয়মিত ডিউটির অংশ হিসেবে বিবিরহাট বাসস্ট্যান্ড এলাকায় যানবাহনের নথিপত্র যাচাই করছিলেন টিএসআই মফিজ উদ্দিন। এসময় তিনি একটি ডাম্প ট্রাক থামিয়ে চালকের কাছে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন চালক আকবর এবং একপর্যায়ে ওই পুলিশ কর্মকর্তার ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে উপর্যুপরি আঘাত করেন। এতে মফিজ উদ্দিনের মুখমণ্ডল মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত হয়।
হামলার পরপরই ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষ ও কর্তব্যরত পুলিশের অন্য সদস্যরা দ্রুত এগিয়ে এসে চালক আকবরকে ধরে ফেলেন। পরে তাকে ফটিকছড়ি থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়। ঘটনার বর্ণনা দিতে গিয়ে আহত ট্রাফিক কর্মকর্তা মফিজ উদ্দিন জানান, কোনো উসকানি ছাড়াই কাগজপত্র যাচাই করতে চাওয়ায় চালক হঠাৎ উত্তেজিত হয়ে তার ওপর চড়াও হন।
ফটিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার অভিযোগে চালককে আটক করা হয়েছে। বর্তমানে তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আহত পুলিশ কর্মকর্তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
চট্টগ্রামে ট্রাকচালকের হামলায় পুলিশ কর্মকর্তা আহত
- ১ অনিবন্ধিত উপায়ে সেমাই উৎপাদন: ২ লাখ টাকা জরিমানা
- ২ ফের রক্তাক্ত রাউজান : এবার গুলিতে বিএনপি কর্মী নিহত
- ৩ পিলখানার ঘটনা ছিল দেশের সার্বভৌমত্ব নস্যাতের অপপ্রয়াস: প্রধানমন্ত্রী
- ৪ চট্টগ্রামে ট্রাকচালকের হামলায় পুলিশ কর্মকর্তা আহত
- ৫ আধুনিক চট্টগ্রামের স্বপ্নদ্রষ্টা ছিলেন আব্দুল্লাহ আল নোমান: সাঈদ আল নোমান


