চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট বাজার এলাকায় পার্কিং করে রাখা জৈনপুরী এক্সপ্রেসের তিনটি বাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বাবুরহাট-ঢাকা রুটে চলাচলকারী বাসগুলোতে এ আগুন লাগে। তবে বাসে কোনো যাত্রী বা চালক-সহকারী না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে মুন্সীরহাট বাজার এলাকায় বাসগুলো পার্কিং করা ছিল।
এ সময় হঠাৎ একটি বাসে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা প্রথমে আগুন দেখতে পেয়ে তা নেভানোর চেষ্টা করেন। কিন্তু মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের আরও দুটি বাসে ছড়িয়ে পড়ে। এতে একটি বাস সম্পূর্ণ পুড়ে যায় এবং অপর দুটি বাস আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মেহেদী হাসান তুহিন বলেন, ‘সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। একটি জৈনপুরী এক্সপ্রেস বাস সম্পূর্ণ ও অপর ২টি জৈনপুরী এক্সপ্রেস বাস আংশিক পুড়ে গেছে। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে তদন্ত চলছে।’


