চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ইসতিয়াক হোসেন ইমন ও মো. জসীম।
মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) দামপাড়া কার্যালয়ের মিডিয়া কনফারেন্স কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার ওয়াহিদুল হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, চালিতাতলী বাজার সংলগ্ন আমিন উল্লাহর বাড়ির একটি বাসায় কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালায় পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ পাল্টা গুলি ছুড়ে দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
অভিযান থেকে দুটি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ৪৫৫ রাউন্ড পিস্তলের গুলি, কয়েকটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


