ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় এই অধিবেশন শুরু হয়। এটি ২০২৬ সালেরও প্রথম অধিবেশন। সংসদীয় রীতির সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রপতি প্রতি বছর সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেন।
সদ্য সমাপ্ত নির্বাচনের মধ্য দিয়ে গঠিত নতুন এই সংসদে সংসদ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। অন্যদিকে, বিরোধী দলের নেতার দায়িত্ব পালন করবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে বিশাল জয়লাভ করে সরকার গঠন করেছে, যার মধ্যে বিএনপি এককভাবেই ২০৯টি আসন পেয়েছে। অপরদিকে, বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করা জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ৭৬টি আসনে জয়ী হয়েছে, যার মধ্যে জামায়াতে ইসলামীর একক আসন সংখ্যা ৬৮টি।
সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে এবং প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী গত ২৩ ফেব্রুয়ারি এই সংসদ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী, সংসদ নির্বাচনের ফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যেই নতুন সংসদের প্রথম অধিবেশন ডাকার নিয়ম রয়েছে। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের পরদিন অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছিল।


