স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর থানায় এসে আত্মসমর্পণ করলেন স্বামী।
শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা নগরীর পতেঙ্গা থানার ৪১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম হালিমা আক্তার রুহি (৩০)। তার বাবার নাম আব্দুল মান্নান।
অভিযুক্ত স্বামীর নাম জহিরুল ইসলাম। তিনি পেশায় লেগুনা চালক। দুই জনের বাড়িই লক্ষীপুর জেলার রামগঞ্জ ইউনিয়নের সোনাপুর এলাকায়। জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে শনিবার বিকেলে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়।
একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জহিরুল ইসলাম ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী হালিমা আক্তারকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি তাদের ছোট শিশুকে সঙ্গে নিয়ে সরাসরি পতেঙ্গা থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পতেঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি থানায় এসে আত্মসমর্পণ করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


