দেশব্যাপী খাল খনন কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন করতে দিনাজপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) সকালে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা হন।
সৈয়দপুর পৌঁছে সেখান থেকে সড়ক পথে তিনি দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের কর্মসূচিস্থলে গমন করেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কাহারোলের বলরামপুরে অবস্থিত ‘সাহাপাড়া খাল’ খননের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী এই দেশব্যাপী কর্মসূচির শুভ সূচনা করবেন।
খাল খনন উদ্বোধন শেষে দুপুর সাড়ে ১২টায় ওই এলাকাতেই আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি।
সফরসূচি অনুযায়ী, জনসভা শেষে বিকেলে প্রধানমন্ত্রী জেলা শহরের শেখ ফরিদ মডেল কবরস্থানে যাবেন। সেখানে তিনি তাঁর প্রয়াত নানা-নানি ও খালার কবর জিয়ারত করবেন। সফরের শেষ পর্যায়ে বিকেল ৫টায় দিনাজপুর সার্কিট হাউস চত্বরে সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।


