কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে এই দুর্ঘটনার ঘটনা ঘটেছে।
নিহত দুই তরুণ হলেন—ঢাকা মহানগরের উত্তরখান আটিপাড়া এলাকার শরিফুল ইসলাম (৩০) ও রাইসুল ইসলাম শিশির (৩০)। তাঁরা দুজনই মোটরসাইকেলের আরোহী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ‘লাল সবুজ পরিবহন’ এর একটি বাস দ্রুতগতিতে চলছিল। বানিয়ারছড়া এলাকায় একই লেনে থাকা মোটরসাইকেল ও একটি ট্রাককে বাসটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা শরিফুল ও শিশিরের মৃত্যু হয়। গুরুতর আহত আরও একজনকে স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুল আমিন জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায় এবং ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়। বাসচালক দুর্ঘটনার পরেই পালিয়ে যায়। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।


