back to top
সোমবার, মার্চ ৩০, ২০২৬
Single Page Top Banner

অতীতের যেকোনো সময়ের চেয়ে ঈদ যাত্রা স্বস্তির হয়েছে : সড়কমন্ত্রী

ডেস্ক নিউজ

দুয়েকটি ‘অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা’ ছাড়া এবারের ঈদযাত্রা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি ‘স্বস্তিদায়ক’ হয়েছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

রোববার (২৯ মার্চ) সচিবালয়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও সার্বিক নিরাপত্তা জোরদারে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সড়কমন্ত্রী বলেন, ‘ঈদের জার্নি স্মুদ হয়েছে বলে আমি মনে করি, কারণ, দেড় কোটি মানুষ তিন দিনের মধ্যে ঢাকা ছাড়তে চেয়েছে। বড় ধরনের দুই একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে, সেটার জন্য আমরা দুঃখিত, মর্মাহত’।

শেখ রবিউল আলম জানান, অতীতের মতো দীর্ঘ যানজট, ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকা কিংবা যানবাহনের অভাবে বাড়ি ফিরতে না পারার মতো পরিস্থিতি এবার তেমন দেখা যায়নি। যেকোনো সময়ের তুলনায় এবার বিপুলসংখ্যক মানুষ নিরাপদ ও স্বস্তিতে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পেরেছেন।

দুর্ঘটনার দায় প্রসঙ্গে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, নির্দিষ্টভাবে কাউকে দায়ী করতে তিনি আগ্রহী নন। তবে যেসব ঘটনায় প্রাথমিকভাবে কারও সম্পৃক্ততা পাওয়া গেছে সেগুলো তদন্ত কমিটির মাধ্যমে যাচাই করা হচ্ছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

উদাহরণ হিসেবে তিনি জানান, রেলওয়ের একটি ঘটনায় দুইজন গার্ডকে গ্রেপ্তার ও চাকরিচ্যুত করা হয়েছে। একই সঙ্গে দায়িত্বে থাকা সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ার বরখাস্ত করা হয়েছে।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী একটি বাস পদ্মা নদীতে ডুবে যাওয়ার ঘটনায় সৌহার্দ্য পরিবহনের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সন্তোষজনক জবাব না পেলে শুধু ওই বাস নয়, সংশ্লিষ্ট কোম্পানির সব যানবাহনের রুট পারমিট ও নিবন্ধন বাতিলের কথাও উল্লেখ করেন তিনি।

ঈদ যাত্রায় এবার ৩০০ মৃত্যুর খবর সঠিক নয় জানিয়ে মন্ত্রী বলেন, ‘নিহত নিয়ে যেটা বলেছেন, আমার মনে হয় যে আপনাদের পরিসংখ্যানটার সাথে আমার দ্বিমত হবে। আমরা বিআরটিএ, রোডস এন্ড হাইওয়ে অথরিটি সবকিছু মিলে আমরা তাৎক্ষণিকভাবে কোন দুর্ঘটনা ঘটলে আমরা তথ্য উপাত্ত কালেক্ট করি।’

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত