বিশ্বব্যাপী জ্বালানি সংকটের কারণে সরকারিভাবে অফিসের সময়সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত। বর্তমানে সকাল নয়টা থেকে বিকেলে পাঁচটা পর্যন্ত অফিস চালু থাকে। এছাড়া দেশের সব দোকানপাট, বাণিজ্য বিতান ও শপিংমল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ থাকবে।
বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
তিনি জানান, অফিসের সময় কমিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত চলবে। আর ব্যাংক চলবে ৯টা থেকে ৩টা।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘খাবার, ওষুধের দোকান ছাড়া সকল মার্কেট ও দোকান আগামীকাল থেকে সন্ধ্যা ৬টায় বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।’
শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন ক্লাসের বিষয়ে রোববার শিক্ষা মন্ত্রনালয় সিদ্ধান্ত জানাবে বলে উল্লেখ করেন তিনি।
এর আগে, রাত পৌনে ৯টায় জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। রাত প্রায় পৌনে ১১টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা ধরে চলে এ বৈঠক।


