আলোচিত কিডনি চিকিৎসক কামরুল ইসলামের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় প্রধান আসামি মঈন উদ্দিন মঈনকে গ্রেপ্তার করেছে র্যাব। এই ঘটনায় দায়ের হওয়া মামলায় এই মঈন ছিলেন এক নম্বর আসামি।
সোমবার (১৩ এপ্রিল) র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো ক্ষুদে বার্তায় মঈনকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়েছে। মঈন ছাড়া আরও ছয়জনকে গ্রেপ্তার করা হলেও তাদের নাম-পরিচয় জানায়নি র্যাব।
গত শুক্রবার হাসপাতালটিতে গিয়ে যুবদলের নাম ভাঙিয়ে স্থানীয় এক নেতার বিরুদ্ধে চাঁদার দাবিতে হুমকি দেয়ার অভিযোগ ওঠে। এসময় টাকা না পেয়ে, ডা. কামরুলকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে হেনস্তার অভিযোগও ওঠে।
সেদিন রাতেই খবর পেয়ে হাসপাতালে ছুটে যান কেন্দ্রীয় যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ। তারা বলেন, অভিযুক্ত মইন উদ্দিনের সাথে যুবদলের কোন সম্পর্ক নেই। পাশাপাশি তারা আশ্বস্ত করেন, চাঁদাবাজকে দ্রুত আইনের আওতায় আনার।


