চট্টগ্রাম তথা বাংলাদেশের অন্যতম প্রাচীন উৎসবের একটি ঐতিহাসিক আবদুল জব্বারের বলী খেলা৷ আগামী ২৪ ও ২৫ এপ্রিল আয়োজিত হতে যাচ্ছে এই বলী খেলা ও বৈশাখী মেলার ১১৭তম আসর৷ তবে ইতিমধ্যে মেলার ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলী খেলার নামটি বিকৃত করার অভিযোগ উঠেছে।
আজ চসিক মেয়র ডাঃ শাহাদাত হোসেনের উপস্থিতিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের ব্যানারে দেখা গেছে ” বাংলালিংক জব্বারের বলী খেলা”৷ একটি শতবর্ষী পুরনো ঐতিহ্যবাহী আয়োজনের নাম শুধুমাত্র স্পন্সরশীপ এর বিনিময়ে এভাবে বিকৃত করায় নেটিজেন ও নগরবাসীর মাঝে তীব্র সমালোচনার জন্ম নিয়েছে৷ অনেকের মতে এভাবে চলতে থাকলে আগামীতে কেউ বেশী টাকার বিনিময়ে নিজেদের প্রতিষ্ঠানের নামেই বলী খেলার নামকরণ করবে৷
এই বিষয়ে আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও বৈশাখী মেলা কমিটির সাধারণ সম্পাদক একই সাথে মরহুম আবদুল জব্বারের পরিবারের সদস্য শওকত আনোয়ার বাদলের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অনিচ্ছাকৃত ভুল বলে স্বীকার করেন৷ মেলা ও খেলার সময় শুধুমাত্র আবদুল জব্বারের বলী খেলা নামটিই থাকবে বলে জানান তিনি৷ এই জন্য তিনি দুঃখ প্রকাশ করেন৷
উল্লেখ্য চট্টগ্রামের বদরপাতির বিশিষ্ট ব্যবসায়ী আবদুল জব্বার শতবছর পূর্বে ঐতিহাসিক লালদিঘীর মাঠে বলী (কুস্তি) খেলার প্রবর্তন করেন৷ আজ ২২ এপ্রিল লালদিঘীর চত্ত্বরকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন “আবদুল জব্বার” চত্ত্বর ঘোষনা করে। এসময় বলী খেলার একটি ম্যুরালও উদ্বোধন করেন চসিক মেয়র ডাঃ শাহাদাত হোসেন৷


