নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রদল। এতে প্রায় হাজারখানেক নেতাকর্মী অংশ নেন। ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রলীগকে ‘গুপ্তলীগ’ আখ্যা দিয়ে সংগঠনটির ‘গুপ্ত মিছিল’ প্রতিহত করতে নগরবাসী ও প্রশাসনের প্রতি আহ্বান জানান।
‘ষড়যন্ত্রকারীদের দিন শেষ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগান নিয়ে নগরীর জিইসি মোড় থেকে আজ বুধবার (৩ জুন) বিকাল তিনটায় মিছিল বের হয়।মিছিলের ব্যানারে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশাপাশি চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, খুলশী ও হালিশহর) আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের ছবিও দেখা যায়। এ থেকে ধারণা করা হচ্ছে স্থানীয় সংসদ সদস্যের দিক নির্দেশনায় নগর ছাত্রদল এই বৃহত মিছিলটি আয়োজন করেন৷ মিছিলে নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মিঠু ও সদস্য কামরুল হাসান আকাশ।

মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান মিঠু এসময় বলেন, “ষড়যন্ত্রকারীদের দিন শেষ
সবার আগে বাংলাদেশ এই স্লোগানে আজকের মিছিল।মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের শান্তির বার্তা পৌঁছে দিতে এবং দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের অপতৎপরতার বিরুদ্ধে চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান নির্দেশে নগর ছাত্রদলের আজকের মিছিল।”
নগর ছাত্রদলের সদস্য কামরুল হাসান আকাশ বরেন,’চট্টগ্রামে মিছিলের নামে যেই নৈরাজ্য চালাচ্ছে তারা হতে দেওয়া হবে না। তারা গুপ্ত মিছিল করে যেই বার্তা দিচ্ছে তা মোটেও শুভকর নয়। দেশের মানুষের উপর গণহত্যা চালিয়ে জনগণের কাছে ক্ষমা না চাইলে দেশে তাদের পুনরায় রাজনীতি করার কোন সুযোগ নেই।’
এসময় উপস্থিত ছিলেন সিভাসু ছাত্রদলের সদস্য সচিব মো. শাহরিয়ার,নগর ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফ, পাঁচলাইশ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহীন, মোহাম্মদ ইব্রাহিম,নজরুর ইসলাম নিলয়,মো. জিন্নাহ, মোহাম্মদ রকি,জাহাঙ্গীর আলম হৃদয়,হৃদয় আজাদ সহ বিভিন্ন থানা,কলেজ ও ওয়ার্ড নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


