চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডের অন্যতম শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার পলাতক আসামি ডেভিড ইমনকে ঢাকা থেকে গ্রেফতারের খবরটিকে ভুল বলছে নগর পুলিশ। এ নিয়ে রীতিমত প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশের দাবি, সোমবার (২২ জুন) রাত আনুমানিক সাড়ে ১০টায় রাজধানীর গুলশান-২ এলাকার ‘আমারি ঢাকা’ নামের একটি অভিজাত হোটেল থেকে বড় সাজ্জাদের সহযোগী ইমনকে গ্রেফতারের খবরটি নিয়ে তথ্যগত অসংগতি রয়েছে।
পুলিশের দাবি, প্রকৃতপক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে অন্য এক আসামি গ্রেফতার হলেও ভুল তথ্যের ভিত্তিতে সেটিকে মোবারক হোসেন ইমনের গ্রেফতার হিসেবে উপস্থাপন করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে সিএমপি জানায়, সম্প্রতি কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল ও গণমাধ্যমে “বড় সাজ্জাদের সহযোগী ডেভিড ইমন গ্রেফতার” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে।
প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে যে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মহোদয় ডেভিড ইমনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। কিন্তু বাস্তবে সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার হয়নি এবং সিএমপি কমিশনার মহোদয়ও এ ধরনের কোনো বক্তব্য প্রদান করেননি।
অতএব, সংশ্লিষ্ট সংবাদটি সম্পূর্ণরূপে বিভ্রান্তিকর ও তথ্যগতভাবে অসত্য। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পূর্বে যথাযথ তথ্য যাচাই-বাছাই করার জন্য সংশ্লিষ্ট সকল সাংবাদিক ও সংবাদমাধ্যমের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
আমরা বিশ্বাস করি, বস্তুনিষ্ঠ, তথ্যভিত্তিক ও পেশাদার সাংবাদিকতা জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থেকে যথাযথ সূত্র যাচাই সাপেক্ষে সংবাদ পরিবেশনের জন্য সকলের সহযোগিতা কামনা করছি।’


