চট্টগ্রামের রাউজানে নির্মাণাধীন একটি বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ জুন) দুপুরে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ঝিকুটি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাউজানের কচুখাইন এলাকার প্রদীপ দাশ এবং বোয়ালখালীর কদুরখিল এলাকার সমীরণ দাশ। স্থানীয় সুত্রে জানা যায়, নিহতরা মামাতো-ফুফাতো ভাই
বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন। জানা যায়, ঝিকুটি পাড়া এলাকায় রতন ডাক্তারের নির্মাণাধীন বাড়িতে কাজ চলছিল। দুপুর সাড়ে ১২টার দিকে প্রদীপ দাশ সেপটিক ট্যাংকে কাজ করার জন্য নিচে নামেন। দীর্ঘদিন বন্ধ থাকা ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করতে সমীরণ দাশ নিচে নামলে তিনিও গ্যাসে আক্রান্ত হন। একপর্যায়ে দুজনই ট্যাংকের ভেতরে অচেতন হয়ে পড়ে থাকেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস রাউজান স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।


