ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে পরীক্ষা স্থগিত না করার প্রতিবাদে চলমান আন্দোলনের এক পর্যায়ে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রধান গেইট খুলে নিয়ে গেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শনের একপর্যায়ে শিক্ষার্থীরা বোর্ডের গেইটটি খুলে ফেলেন এবং সেটি তারা মাথায় করে নিয়ে চলে যান। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন এবং ক্ষোভ প্রকাশ করেন।
টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় চরম ভোগান্তির শিকার হওয়া সত্ত্বেও পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের পর থেকেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনে নামেন উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা।
আজ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থীদের এই অবস্থান কর্মসূচি ও গেইট খুলে ফেলার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, শিক্ষার্থীরা আমাদের সঙ্গে মিটিং করেছেন। তাদের দাবি পেশ করেছেন। আমরা তাদের দাবির বিষয়ে আলোচনা করেছি। হঠাৎ কিছু বিক্ষুব্ধ শিক্ষার্থী বোর্ডের প্রধান ফটক নিয়ে টানাটানি করে। একপর্যায়ে তারা গেইট খুলে নিয়ে যায়।


