চট্টগ্রামের বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডের একটি বাসায় অভিযান চালিয়ে একরাম সুলতান নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব৷ এসময় তার কাছ থেকে দুটি বিদেশী অস্ত্র উদ্ধার করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। তবে র্যাব আনুষ্ঠানিক ভাবে এখনো কিছু জানায়নি।
তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডের ১৮৫/এ আরেফিন নগরস্থ আল বারাকা হাইটস নামক বহুতল ভবনে অভিযান চালায় র্যাব-৭৷ এসময় গ্রেফতার একরামের কাছ থেকে একাধিক অস্ত্র উদ্ধার করা হয়৷ পরে তার গাড়ী চালককেও আটক করে নিয়ে যায় বলে জানা গেছে৷
নাম প্রকাশ না করার শর্তে র্যাবের একটি সূত্র জানায়, গ্রেফতার একরাম নিহত শীর্ষ সন্ত্রাসী সরোয়ারের সহযোগী ছিল৷ তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলা, একটি অপহরণের অভিযোগ ডিবি পুলিশ তদন্ত করছে। এছাড়া সম্প্রতি এক ব্যবসায়ীকে ফোনে হুমকি ও গালাগাল করায় তার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় জিডি রয়েছে৷
এই বিষয়ে র্যাব-৭ এর দ্বায়িত্বশীলদের সাথে যোগাযোগে করলে তারা প্রেস ব্রিফিং এ বিস্তারিত জানাবেন বলে জানান৷
অন্যদিকে গ্রেফতার একরামের স্ত্রী সুচী বলেন, আমার স্বামী বাসাতেই ছিলেন৷ আমার বাসায় কোন অস্ত্র ছিল না৷ ষড়যন্ত্র মূলক ভাবে আমার স্বামীকে ফাঁসানো হয়েছে৷ এসময় তিনি নিজেকে গর্ভবতী উল্লেখ করে বলেন, আমি বাসায় ফিরে আমার বাসার ভেতরের চিত্র ফেসবুকে লাইভ করতে চাইলে র্যাব সদস্যরা তাতে বাঁধা দেন৷


