চট্টগ্রামের সাতকানিয়ায় ফুটবল খেলতে গিয়ে লোহার গোলবার ভেঙে মাথায় পড়ে গুরুতর আহত মোহাম্মদ এনায়েত উল্লাহ (৯) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এনায়েত সাতকানিয়া টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির মেধাবী শিক্ষার্থী ছিল। সে সাতকানিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সতিপাড়া এলাকার হারুনুর রশিদ বাদশার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ জুন) দুপুরে ডলু ব্রিজের পশ্চিম পাশে অবস্থিত একটি টার্ফ মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যায় এনায়েত। খেলার একপর্যায়ে সে লোহার গোলবারে ঝুলতে গেলে একপর্যায়ে সেটি ভেঙে তার মাথার ওপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়।
ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে মঙ্গলবার দুপুরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।সাতকানিয়া টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, এনায়েত অত্যন্ত শান্ত ও মেধাবী একজন শিক্ষার্থী ছিল। তার এই মর্মান্তিক মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।


