ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট কুমিরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৬ জন। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (১৯ জুলাই) সকাল ৯টার পর উপজেলার ছোট কুমিরা বাঁশবাড়িয়া এলাকার ইলিয়াস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত যুবকের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তার বয়স ৩০ বছর। আহতরা হলেন, রওশন আক্তার (৩৮), মো. মহিউদ্দিন (৩৩), মো. মান্নান (৩০), সোনিয়া আক্তার( ২৫), অর্পিতা সাহা (২০) ও আরিফ মো. ইউসুফ (৫১)। তাদেরকে ট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. আশেক জানান, দুর্ঘটনার পর ৭ জনকে হাসপাতালে আনা হয়। এরমধ্যে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতা চালায় ফায়ার সার্ভিস। কুমিরা ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মোহাম্মদ দিদারের ভাষ্য, বাসটি চট্টগ্রাম থেকে লক্ষ্মীপুর যাচ্ছিল। বৃষ্টির মধ্যে বেপরোয়া গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে


